
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ডানাবিশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সৌদি জোটের সঙ্গে হুথিদের যুদ্ধ-পরিস্থিতি পাল্টে দেবে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনের অপারেশন্স কমান্ড সেন্টার জানিয়েছে, প্রতিরক্ষা খাতের এসব অর্জন শহীদ সালেহ আস-সামাদ প্রদর্শনীতে দেখানো হয়েছে। সালেহ আস-সামাদ হচ্ছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট। ২০১৮ সালে হুদাইদাহ প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় তিনি শহীদ হন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ আলী আল-হুথি, ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট আবদুল আজিজ বিন হাবতুর এবং প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল, মুহাম্মাদ নাসির আল-এমাতি। যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করা হয়েছে তা হলো- ডানা বিশিষ্ট কুদস-১ ক্ষেপণাস্ত্র, সামাদ-১, সামাদ-৩ হাই অ্যাল্টিটিউড ড্রোন এবং কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন। এর আগে থেকেই ইয়েমেনি সেনারা সামাদ-৩ ও কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করে আসছে তবে এই প্রথম এ ড্রোন প্রদর্শন করা হলো।