
আন্তর্জাতিক ডেস্কঃ ‘জয় শ্রীরাম’ বলার জন্য কাউকেই জোর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের 'জয় শ্রীরাম' নিয়ে করা মন্তব্যের পর সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ‘জয় শ্রীরাম’ নিয়ে রাজনীতি এবং যারা এই স্লোগান দিচ্ছেন না, তাদের ওপর হামলার যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে এই কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস আরও বলেন, কোনও কিছুতেই কাউকে জোর করা উচিত নয়। কিন্তু আপনি বন্দেমাতরম বলা প্রত্যাখ্যান করতে পারেন না। বাকিক্ষেত্রে, কোনও কঠোর মনোভাব থাকা উচিত নয়।
ভারত জুড়ে সংখ্যালঘুদের উপর হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জয় শ্রীরাম’, ‘জয় হনুমান’ বলতে জোর করা ও গণপিটুনি দেয়া হয়েছে । তিনি তার কথায় জোর দিয়ে বলেন এমন একটা ঘটনা বলুন, যেখানে অভিযুক্তদের ধরা হয়নি। যে ঘটনাই হোক, সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এর আগে আমি কখনও 'জয় শ্রীরাম' স্লোগান শুনিনি। এখন এটা মানুষ মারার যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিষয়ে তিনি বলেন, ওই শব্দ ঠিক কোন জায়গায় পড়ে জানি না। তবে বর্তমান সময়ে এর ব্যবহার দেখে মনে হয় লোককে প্রহার করতে গেলেই এই শব্দ ব্যবহার করতে হচ্ছে।