
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে করতারপুর করিডোর নিয়ে বৈঠক হয়েছে। গতকাল রোববার আটারি-ওয়াঘা সীমান্তে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে বিশেষ বৈঠকে করিডোর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উভয় দেশ ঐক্যমত্যে পৌঁছেছে। বৈঠকে বলা হয়- প্রতিদিন ভারত থেকে যে ৫ হাজার তীর্থযাত্রীকে করতারপুর সাহিব গুরুদ্বারে যেতে অনুমতি দেয়া হবে তাদের উচ্চস্তরের নিরাপত্তা দিতে হবে। আগামী নভেম্বর মাসে শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০তম জন্মদিবসে করতারপুর করিডোর খুলে দিতে চাচ্ছে ভারত। ইসলামাবাদকে বিষয়টি অবগত করে নয়াদিল্লি বলেছে, বিশেষ অনুষ্ঠানে ১০ হাজার তীর্থযাত্রীকে করতারপুর যেতে অনুমতি দিতে হবে। কেবল ভারতীয়ই নয়, ভারতীয় বংশোদ্ভূত এবং ওসিআই কার্ডধারী তীর্থযাত্রীদেরও যাওয়ার অনুমতি দিতে হবে। বৈঠক শেষে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল বলেন, দু’দেশের মধ্যে প্রায় ৮০ শতাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকি থেকে যাওয়া বিষয়গুলো নিয়ে আরও একটি বৈঠক হতে পারে।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অভ্যন্তরীণ সুরক্ষা) এসসিএল দাস বলেন, পলিজমা খাঁড়ি পানিমগ্ন হয়ে ডেরাবাবা নানক এবং সংলগ্ন এলাকা প্লাবিত হলে যাতে তীর্থযাত্রীরা সমস্যায় না পড়েন এবং সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে যে সেতু তৈরি হচ্ছে তার পূর্ণাঙ্গ বিবরণ নয়াদিল্লি পাকিস্তানকে দিয়েছে। একইভাবে ইসলামাবাদকেও তাদের দিকে সেতু তৈরি করতে বলা হয়েছে। পাকিস্তান রবি নদীর উপর সেতু তৈরির বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন করতে সম্মত হয়েছে। ২০ সদস্যের পাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অভ্যন্তরীণ সুরক্ষা) এসসিএল দাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব (পাকিস্তান, আফগানিস্তান, ইরান) দীপক মিত্তল।