
আন্তর্জাতিক ডেস্কঃ মিশরীয় ফেরাউন স্নেফেরুর স্মৃতিতে তৈরি, প্রায় ৪,৬০০ বছরের পুরোনো ‘বেন্ট’ পিরামিড খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। দক্ষিণ কায়রোর প্রায় ১০১ মিটার উঁচু এই স্থাপত্য পিরামিড স্থাপত্য বিবর্তনের গুরুত্বপূর্ণ সাক্ষী। স্নেফেরু খ্যাতনামা ফেরাউন রাজা। মিশরীয় বিশেষজ্ঞ মুস্তাফা ওয়াজিরির বক্তব্যমতে, ‘এ বেন্ট পিরামিডের মধ্যেই কোথাও সম্ভবত স্নেফেরু সমাহিত রয়েছেন, কিন্তু কোথায়, সেটা আমরা খুঁজে পাইনি।’ পাঁচ দশক পর খুলে দেওয়া হলো এই পিরামিড।
উল্লেখ্য, ১৯৫৬ সালে খননের পর ‘বেন্ট’ পিরামিড পর্যটকদের জন্য খোলা থাকলেও মেরামতের প্রয়োজনে ১৯৬৫-তে তা বন্ধ করা হয়। পাঁচ দশক পর ফের ৭৯ মিটার লম্বা, সংকীর্ণ সুড়ঙ্গ পেরিয়ে ‘বেন্ট’ পিরামিডের ভিতরে ঢোকার সুযোগ পাবেন পর্যটকরা। এর পাশেই রেয়েছে ১৮ মিটার উঁচু আর একটি পিরামিড, সেটি সম্ভবত স্নেফেরুর স্ত্রী হেতেফেরেসের স্মৃতিতে তৈরি। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেটিও। তবে, বহু পুরোনো এই পিরামিড পর্যটকদের জন্য খুলে দেওয়ার অন্যতম কারণ, পর্যটনে উৎসাহ দেওয়া। কায়রোর প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণের দাহশুরে পর্যটকের পা প্রায় পড়ে না বললেই চলে, অথচ এখানেও বিস্ময় সৃষ্টিকারী বেশ কিছু স্থাপত্য রয়েছে। সেগুলিকে তুলে ধরতেই এই পদক্ষেপ।