
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডেমোক্র্যাট দলীয় কয়েকজন নারী কংগ্রেস সদস্যকে ‘নিজ দেশে ফিরে যাওয়া’র পরামর্শ দেওয়ার পর একে বর্ণবাদী মন্তব্য আখ্যা দিয়ে তার তীব্র সমালোচনা করেছেন অনেকেই সেই কাতারে এবার সামিল হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। থেরেসা মে বলেছেন, ‘ট্রাম্পের বক্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না’। বিশেষ করে ওই নারী সদস্যদের সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন তা ‘গ্রহণযোগ্য নয়’। ডেমোক্র্যাট সসস্যরা বলেছে, যুক্তরাষ্ট্রকে বিভক্ত করা এবং শ্বেতাঙ্গময় করাই ট্রাম্পের উদ্দেশ্য। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা বিরল ঘটনা।
এদিকে, নিজের মন্তব্যে কড়া সমালোচনা হচ্ছে জেনেও আত্মপক্ষ সমর্থন করেছেন ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা আমাদের দেশকে ঘৃণা করেন তাই তাদের দেশে ফিরতে বলা হয়েছে। তারা যদি সারাক্ষণ যুক্তরাষ্ট্রকে নিয়ে অভিযোগ করেই যান, তবে ‘ফিরে যাও’ বলা অন্যায় নয়। অনেকে যুক্তরাষ্ট্রে বাস করেও তার দেশকে ঘৃণা করে বলে ট্রাম্প দাবি করেন।