News71.com
 International
 16 Jul 19, 06:33 PM
 141           
 0
 16 Jul 19, 06:33 PM

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলাচলে মার্কিন বিধিনিষেধের নিন্দা জানাল জাতিসংঘ॥

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলাচলে মার্কিন বিধিনিষেধের নিন্দা জানাল জাতিসংঘ॥

আন্তর্জাতিক ডেস্কঃ নিউ ইয়র্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের চলাচলের ওপর মার্কিন সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জারিফসহ ইরানের কূটনৈতিক প্রতিনিধিদলের ওপর আরোপিত বিধিনিষেধের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বলেছেন, এ সম্পর্কে আমরা আমাদের উদ্বেগের কথা স্বাগতিক দেশ আমেরিকাকে জানিয়েছি। তিনি আরো বলেন, স্বাগতিক দেশের পক্ষ থেকে নিউ ইয়র্কস্থ ইরানের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সে সম্পর্কে অবগত হয়েছে জাতিসংঘের সচিবালয়। স্বাগতিক দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে এ বিষয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি মার্কিন সরকারকে জানানো হয়েছে। জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। মার্কিন সরকার তাকে নিউ ইয়র্ক সফরের ভিসা দিলেও জারিফকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, জাতিসংঘের সদরদপ্তর, ইরানের স্থায়ী প্রতিনিধির বাসভবন ও ইরানের কূটনৈতিক মিশনের মধ্যে যাতায়াত ছাড়া অন্য কোথাও যেতে নিষেধ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাতে আমেরিকার গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে না পারেন সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সরাসরি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি কূটনৈতিক শিষ্টাচার বিরোধী বক্তব্য রেখে বলেছেন, আমেরিকার জনমতের ওপর যাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রভাব ফেলতে না পারেন সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।তবে এরপরও ইরানের স্থায়ী প্রতিনিধির বাসভবনে বসে বিবিসি ও এনবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তেহরানে বলেছেন, নিউ ইয়র্কের কোনো কোনো সড়কে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী জারিফ তার সফর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, নিউ ইয়র্কে এ সংস্থার সদরদপ্তরে বিদেশি কূটনীতিকদের অবাধ যাতায়াতের সুযোগ দিতে বাধ্য আমেরিকা। কিন্তু ইরানের বিরুদ্ধে বিদ্বেষ থেকে ট্রাম্প প্রশাসন মোহাম্মাদ জাওয়াদ জারিফের চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। গতমাসে মার্কিন অর্থমন্ত্রী জারিফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেও পরে তা বাস্তবায়ন করেনি ওয়াশিংটন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন