
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চর্মনগরী বানতলায় মেগা লেদার ক্লাস্টারের শিলান্যাস ও বিভিন্ন পরিসেবার সূচনা অনুষ্ঠানে বলেছেন, ‘কর্মদিগন্ত’ থেকে পৃথিবীর বৃহত্তম কর্মসংস্থান তৈরি হবে। এখান থেকে পৃথিবীর বৃহত্তম কর্মসংস্থান তৈরি হবে বলে এই জায়গার নাম দিলাম ‘কর্মদিগন্ত’। তিনি গতকাল বৃহস্পতিবার বানতলার অনুষ্ঠান মঞ্চ থেকে ওই মন্তব্য করেন। তিনি একে এশিয়া ও পৃথিবীর বৃহত্তম লেদার ও ট্যানারি হাব বলে উল্লেখ করেন। মমতা বলেন, এখানে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিশ্ববাংলা কনভেনশনে আমরা বলেছিলাম প্রায় ২ লাখ লোকের কর্মসংস্থান হতে পারে। কিন্তু তা নয়। পাঁচ লাখ ছেলে-মেয়েদের কর্মসংস্থান হবে। এবং আশি হাজার কোটি টাকার উপরে এখানে বিনিয়োগ হতে যাচ্ছে। এটা একটা বড় ইভেন্ট।
তিনি বলেন, এখানে চামড়া পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এখানে পনের মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়েছে। যে বিদ্যুৎ কাজে লাগবে। এবং পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট আগামীদিন কোলকাতা। এখানে একশ’ লেদার গুডস ইউনিট কাজ করতে পারবে সেজন্য লেদার পার্ক এবং ট্যানারি পার্ক দুটো একসঙ্গে হল। বাংলায় আজকে গর্ব করার দিন। যখন গোটা ভারতে কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে তখন বাংলায় আমরা কর্মসংস্থান অনেকটাই ফিরিয়ে দিতে পেরেছি। ভারতে যেখানে দু’কোটি কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে তখন কর্মসংস্থান হয়েছে যে চল্লিশ শতাংশ বেকারত্ব কমে গেছে। মমতা বলেন, অন্যান্য জিনিষের পাশাপাশি এখান থেকে খুব ভালো জুতো তৈরি হবে। এখন থেকে প্রচুর পরিমাণে রফতানিও হবে। এরফলে বাইরে থেকে আপনারা যে ব্রান্ডেড জুতো, ব্যাগ, গ্লাভস ও বিভিন্ন সামগ্রী কিনে থাকেন তা আর কিনতে হবে না। এখান থেকে এসব রফতানি হবে। তিনি চামড়া শিল্পের জন্য একে বিশ্বের গেটওয়ে বলেও মন্তব্য করেন।