News71.com
 International
 21 Jul 19, 01:08 PM
 169           
 0
 21 Jul 19, 01:08 PM

উত্তর প্রদেশের সেনভদ্রায় সহিংসতায় নিহতদের স্বজনরা দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী॥

উত্তর প্রদেশের সেনভদ্রায় সহিংসতায় নিহতদের স্বজনরা দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ এনে গত শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে সোনভদ্রায় যেতে বাধা দেওয়া হয়। কিন্তু তিনি যে কোনোভাবেই সোনভদ্রায় সহিংসতায় নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করার সিদ্ধান্তে অটল থাকেন। মির্জাপুরের যে গেস্ট হাউজে তাকে আটক রাখা হয়েছিলো সেখানে সারারাত ধরনায় বসেন। অবশেষে গতকাল শনিবার সোনভদ্রায় নিহতদের স্বজনরা মির্জাপুরেই দেখা করেন প্রিয়াঙ্কার সঙ্গে। পুলিশ প্রিয়াঙ্কা গান্ধীকে যেতে বাধা দিলেও স্বজনহারা পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করতে দেন। নিহতদের দুই জন সদস্য তার সঙ্গে দেখা করেন। তবে বাকি ১৫ জনকে তার সঙ্গে সাক্ষাতে অনুমতি দেয়নি পুলিশ।


প্রিয়াঙ্কা বলেন, সবাইকে আমার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ঈশ্বরই জানেন তাদের মনে কী রয়েছে। গত বুধবার উত্তর প্রদেশের সোনভদ্রা গ্রামে জমি নিয়ে সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত হন। এ ঘটনার পর সোনভদ্রায় ১৪৪ ধারা জারি করেছে উত্তর প্রদেশ কর্তৃপক্ষ। গত শুক্রবার রাতে গেস্ট হাউজে অবস্থানকালে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক টুইট করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি তাদের বলেছি যে, আমি কোনো আইন ভাঙতে আসিনি। আমি শুধু স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছি। আমি তাদের সঙ্গে দেখা না করে যাব না। রাতে মির্জাপুর গেস্ট হাউজের বিদ্যুত্ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

কংগ্রেসের স্থানীয় নেতাদের দাবি, প্রিয়াঙ্কা গান্ধীকে ফিরে যেতে বাধ্য করার জন্য এসব করেছে জেলা কর্তৃপক্ষ। গতকালই শনিবার ডেরেক ও’ ব্র্যায়েনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি দল সোনভদ্রা যেতে গেলে বারানসি বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হয়। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শ্রীকান্ত শর্মা অভিযোগ করে বলেছেন, সোনভদ্রা ইস্যু নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। প্রিয়াঙ্কা এত উদ্বিগ্ন হলে রাজস্থানের ধর্ষণ মামলা নিয়ে কেন সরব হচ্ছেন না। অন্যদিকে প্রিয়াঙ্কা বলেছেন, এটা আমাদের কাজ। কেউ আমাদের আটকাতে পারবে না। সরকারের মিথ্যা প্রচারণাকে আমি ভয় পাই না। গতকাল শনিবার দিল্লির উদ্দেশ্যে উত্তর প্রদেশ ছাড়ার আগে প্রিয়াঙ্কা বলেন, লক্ষ্য পূরণ হয়েছে। আবার আসব। প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত থেকে মনে হচ্ছে, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে আরো জোরালো ভূমিকা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। লোকসভার নির্বাচনের পর উত্তর প্রদেশে এটা ছিল তার দ্বিতীয় সফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন