
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লাইট বাতিল, ভ্রমণে উচ্চমূল্য, পুরনো বিমানসহ নানা প্রতিবন্ধকতা ও বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান চলাচল বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের বিমান খাত। সর্বাধিক বিক্রিত সেভেন থ্রি সেভেন ম্যাক্স ছাড়া ৫ মাস পার করেছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো। ম্যাক্স মডেলের এই বিমানগুলোকে আকাশ পথে আর চলাচলের অনুমতি নাও দিতে পারে এভিয়েশন বিষয়ক নীতিনির্ধারকরা। অক্টোবরে ইন্দোনেশিয়া, এরপর মার্চে ইথিওপিয়া বিমান দুর্ঘটনা। ৩শ' ৪৬ জনের মৃত্যু। ভাবমূর্তি পাল্টে দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের। মার্চেই এ বিমানের চলাচল বাতিল করে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। পরীক্ষা নিরীক্ষা আর প্রতিবন্ধকতা কাটিয়ে বছর শেষে বিমানটি চলাচলের অনুমতি বোয়িং পাবে কিনা সেটা নিয়েও আছে দ্বিধা। সর্বাধিক বিক্রিত বিমানটির ফ্লাইটের পর ফ্লাইট বাতিল হওয়ায় লোকসান গুনছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো। অলস পড়ে আছে বিমানগুলো।
৩৪ টি সেভেন থ্রি সেভেন ম্যাক্সকে শিডিউল থেকে সরিয়ে দিয়েছে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স। একইভাবে শিডিউল থেকে বিমান সরিয়েছে আমেরিকান এয়ারলাইন্স, রায়ান এয়ারসহ আরো অনেক এয়ারলাইন্স। উপর্যুপরী ফ্লাইট বাতিল হচ্ছে ম্যাক্স মডেলের ওই বিমান ব্যবহারকারী সব এয়ারলাইন্সের। যাত্রী চাপ সামলাতে বৃহৎ আকৃতির অন্য বিমানের দিকে ঝুঁকছে এয়ারলাইন্সগুলো। বিক্রি না হলেও দ্বিতীয় প্রান্তিকে তৈরি হওয়া বিমানগুলোতে খরচ পড়েছে বেশি। আবার এরইমধ্যে গ্রাহকদের ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছে বোয়িং। বোয়িংয়ের প্রত্যাশা, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে আবার আকাশে উড়বে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স। বিমানটি চলাচলের অনুমতি পেলে হাজার বৈমানিককে প্রশিক্ষণ দেবে বোয়িং। এমনটাই জানিয়েছে বোয়িং কর্তৃপক্ষ।