
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারে বন্যায় গতকাল বুধবার নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৩ জনে। আসামেও মারা গেছেন আরও ৬ জন। বন্যায় সব মিলিয়ে বিহার ও আসাম রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দুই শ'। এছাড়া নেপালে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ১১ জনসহ তুরস্কে বন্যায় ৫ এবং ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মারা গেছেন অন্তত ৯ জন। ভারতের বিহার ও আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এখনও পানিবন্দি গ্রামের পর গ্রাম। বন্যার্তদের একজন বলেন, 'বাড়িঘরে পানি ঢুকে গেছে। রাস্তায়ও পানি। এতে থমকে গেছে জীবনযাত্রা।' আরো একজন বলেন, বন্যা আক্রান্ত হয়ে প্রাণে বাঁচতে উঁচু স্থানে আশ্রয় নিয়েছি। তবে সরকারি কোনো সহায়তা মেলেনি।
সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বিহারে হেলিকপ্টরে করে চলেছে ত্রাণ বিতরণ কার্যক্রম। ক্ষতিগ্রস্ত প্রায় ৮২ লাখ মানুষ। আসামের ৩৩ জেলার ৩৪ লাখ মানুষ এখনও জলাবদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। খোলা হয়েছে আট শতাধিক আশ্রয় কেন্দ্র। এদিকে নেপালে বন্যার পানি কিছুটা কমলেও অতিবৃষ্টিতে ভূমিধসে প্রাণহানি ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলের গুলমি জেলায় এ ঘটনা ঘটেছে। এতে নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যায় হতাহতের ঘটনা ঘটেছে। গৃহহারা হয়েছেন অনেকে। ব্রাজিলেও বন্যা ও ভূমিধসে ঘটেছে প্রাণহানি। গ্রীষ্মের শুরুতে তীব্র খরা আর বর্ষায় বন্যা। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রূপ বদলাতে লাগছে না সময়। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নির্গমন কমানোসহ ২০২০ সালের মধ্যেই জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ পদক্ষেপ না নিলে, অপেক্ষা করছে আরও কঠিন সময়।