
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সরকার। ওয়াশিংটন তার ভাষায় ‘উসকানিমূলক তৎপরতা’ বন্ধ করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগুস এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা চান উত্তর কোরিয়া আর কোনো উসকানিমূলক তৎপরতা না চালাক কারণ আমেরিকা কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর মার্কিন সরকার এ প্রতিক্রিয়া জানাল।
কিম জং-উন গতমাসে দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল সাক্ষাতের পর এই প্রথম উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।ওই সাক্ষাতে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আবার আলোচনা শুরু করতে সম্মত হন। এর আগে ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে একবার এবং ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আরেকবার কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দু’টি বৈঠকই কার্যত কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, আমেরিকার অতিরিক্ত ছাড় আদায়ের প্রচেষ্টা ও প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে দ্বিপক্ষীয় আলোচনায় কোনো ফল পাওয়া যাচ্ছে না।