
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ৮ আগস্ট দেশটির সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘ভারতরত্ন’ পুরস্কার পাচ্ছেন । গতকাল রোববার দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে প্রণব মুখার্জিকে ভারতরত্নের জন্য মনোনীত করেন মোদি সরকার। দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল শেষের পর ভারতরত্নের জন্য তাকে মনোনীত করা হয়। প্রণব মুখার্জির এ সম্মানপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি লিখেছেন, ‘সমসাময়িক কালে সেরা কূটনীতিক প্রণব বাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি। ’উল্লেখ্য, কংগ্রেসের রাজনীতির এক সময়ের প্রাণপুরুষ প্রণব মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে শেষ হয় তার কার্যকাল। তিনিই ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পরও নানা সামাজিক কাজে যুক্ত রয়েছেন তিনি।