
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিনের রাজ্য কর্নাটকের রাজ্য বিধানসভার আস্থাভোট জিতে নিজেদের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। স্পিকার ১৭ জন বিধায়কের সদস্যপদ খারিজ হওয়ায় বিধানসভার আসন সংখ্যা কমে হয়েছিল ২০৭। ম্যাজিক ফিগার দাঁড়িয়েছিল ১০৪। এইমুহূর্তে, ১০৫ বিধায়কের সমর্থন রয়েছে বিজেপির ঝুলিতে। আর এই সমীকরণে ভর করেই এ বার কর্নাটক দখল করে নিল গেরুয়া শিবির। গত তিন সপ্তাহ ধরে লাগাতার টানাপড়েন চলছিল কর্নাটক বিধানসভায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, আস্থাভোটে নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় কংগ্রেস ও জেডিএসের ১৪ মাসের জোট সরকার।
এরপর, সরকার গড়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন করে বিজেপি। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিএস ইয়েদুরাপ্পা। আজ সোমবার বিধানসভায় আস্থা ভোটে জয়ের মাধ্যমে সেই বৃত্ত সম্পূর্ণ হল। এ দিন আস্থাভোটের পর ইস্তফা দেন স্পিকার কেআর রমেশ কুমার। গতকাল রবিবার, ১৪ ‘বিদ্রোহী’ বিধায়কের সদস্যপদ খারিজ করে দিয়েছিলেন স্পিকার কেআর রমেশ কুমার। তার আগেও ৩ বিধায়কের সদস্যপদ খারিজ করে দেন তিনি। মোট ১৭ বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে যাওয়ায় কর্নাটকে ফিরে আসা অনেকটা সহজ হয়ে দাঁড়ায় ইয়েদুরাপ্পার কাছে। রবিবারই তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘‘সোমবারই আমরা সংগরিষ্ঠতা প্রমাণ করব।আজ আস্থাভোটে জিতে বিরোধীদেরও এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।