News71.com
 International
 29 Jul 19, 07:55 PM
 186           
 0
 29 Jul 19, 07:55 PM

ভারতে বিজেপি নেতার ধর্ষনকান্ড নিয়ে উত্তাল ভারতের সংসদ॥ খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ

ভারতে বিজেপি নেতার ধর্ষনকান্ড নিয়ে উত্তাল ভারতের সংসদ॥ খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন রবিবার ভারতের উত্তরপ্রদেশে রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম উন্নাওয়ের সেই ধর্ষিতা। বর্তমানে লখনউয়ের একটি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি। আর ‘রহস্যময়’ সেই দুর্ঘটনা নিয়েই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কারণ, রায়বরেলীতে এই দুর্ঘটনার জেরে যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন গণধর্ষণ কাণ্ডের এক সাক্ষীও। নির্যাতিতাকে খুন করতেই দুর্ঘটনার ‘ষড়যন্ত্র’ করা হয়েছিল বলে সরাসরি অভিযোগ করলেন বিজেপি নেতার দ্বারা ধর্ষিতার মা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভারও তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে।খুনের মামলা করা হয়েছে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে।

উল্লেখ্য গত রবিবার, দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই নির্যাতিতা। বেশ কিছুক্ষণ কাটলেও, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। লখনউয়ের কিংস জর্জ’স মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে আঘাত লেগেছে। তাঁর দেহের ডান দিকে সবচেয়ে বেশি চোট লেগেছে। কলার বোন, হাত ও উরুর হাড় ভেঙে গিয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ওই হাসপাতালের ভর্তি তাঁর আইনজীবীও। তবে রবিবারের দুর্ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন উঠে আসছে। ওই নির্যাতিতার জন্য যে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল তিনি সে সময় ছিলেন না। যে ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে তার নম্বর প্লেটের উপর কালো রঙ লাগানো ছিল। এ সব নিয়েই সরাসরি অভিযোগ করেছেন নিগৃহীতার মা।

আর এনিয়েই উত্তাল ভারতের রাজনীতি। চাপের মুখে অনেকটা বাধ্য হয়েই আজ সোমবার, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সিবিআইয়ের একটি দল। আরেকটি দল হাসপাতালেও যায়। অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালক ধরা পড়েছে। পুলিশের দাবি, চালক জানিয়েছে, ট্রাক কেনার জন্য নেওয়া ঋণ শোধ করতে না পারাতেই তার নম্বর প্লেটে কালো রঙ লাগানো হয়েছিল। যাতে সেটা ধরা না পড়ে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার জন্য একজন বন্দুকধারী–সহ ৯ রক্ষী নিয়োগ করা হয়েছিল। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওই নিগৃহীতার বন্দুকধারী রক্ষী সুরেশ বলেন, ‘‘গাড়িতে জায়গা ছিল না। তাই আমাকে বলা হয়, গাড়িতে ৫ জন রয়েছে, চিন্তার কোনও কারণ নেই।’’

এই ঘটনা নিয়ে ঝড় ওঠে সংসদেও। নির্যাতিতাকে খুনের ‘চক্রান্ত’ করা হয়েছিল বলে রাজ্যসভায় জিরো আওয়ারে অভিযোগ তোলেন সপা সাংসদ রামগোপাল যাদব। সপা-র পাশে দাঁড়ায় বিএসপি, কংগ্রেস ও আপ-ও। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।এমন কাণ্ডকে সামনে রেখে উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ করেছেন প্রিয়ঙ্কা গাঁধী। টুইটারে তিনি লিখেছেন, ‘এক জন মহিলাকে ধর্ষণ করল এক বিজেপি বিধায়ক। পুলিশ হেফাজতে তার বাবাকেই পিটিয়ে খুন করা হল। গত বছর ঘটনার এক প্রধান সাক্ষীর মৃত্যু হয়। ওই ঘটনার সাক্ষী নির্যাতিতার কাকিমাও মারা গেলেন এ বার। তাঁর আইনজীবীও গুরুতর জখম হয়েছেন।


২০১৮ সালে প্রকাশ্যে আসে উন্নাও গণধর্ষণ কাণ্ড। জানা যায়, ২০১৭ সালের জুন মাসে চাকরি দেওয়ার নাম করে ১৬ বছরের ওই কিশোরীকে নিজের বাড়িতে ধর্ষণ করেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। এ নিয়ে থানায় অভিযোগ জানালেও লাভ হয়নি। উল্টে মেয়েটির বাবাকেই থানায় তুলে নিয়ে যাওয়া হয়। শেষমেশ যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে যান নির্যাতিতা ও তাঁর মা। তার ঠিক পরেই থানার মধ্যে রহস্যজনক ভাবে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। অভিযোগ, বিধায়কের ভাই অতুল সিংহ থানার মধ্যে তাঁকে পিটিয়ে খুন করেন।বিষয়টি নিয়ে দেশ জুড়ে নিন্দা শুরু হলে কুলদীপ সেঙ্গার, তাঁর ভাই অতুল এবং তার সহযোগীদের গ্রেফতার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন