
আন্তর্জাতিক ডেস্কঃ এই সপ্তাহেই ভারতের কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রধান বা সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সপ্তাহের শেষে তিনি তার দায়িত্বভারও বুঝে নিতে পারেন। সংসদে রাহুল গান্ধী দলের নেতাদের বলেছেন, আর দেরি না করে পরবর্তী সভাপতি বেছে নেওয়া হোক। সেই নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসাবে দলের কোনো নেতাকে দেওয়া হোক অন্তর্বর্তীকালীন প্রধান (ইনচার্জ) বা সভাপতির দায়িত্ব। কংগ্রেস সূত্রের খবর, গতকাল বুধবারের বৈঠকে রাহুল দলীয় নেতাদের স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তিনি চান না তার পরিবারের কাউকে ঐ পদে বসানো হোক। এমনকি বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকেও নয়। দলের পরবর্তী নেতা বাছাইয়ের প্রক্রিয়া কত দূর এগলো, তা নিয়ে রাহুল খোঁজখবর নেওয়ার পর থেকে ফের সক্রিয় হয়ে ওঠেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্যরা। দল সূত্রের খবর, এই সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধান বা সভাপতির নাম ঘোষণা ও তিনি দায়িত্ব বুঝে নেওয়ার পরেই সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ।
সূত্র, আনন্দবাজার পত্রিকা।