
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের উন্নাওয়ের বহুল আলোচিত ধর্ষণ মামলার ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়ঙ্কা বলেন, উত্তরপ্রদেশে যে জঙ্গলরাজ চলছে তা সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তাতে আমরা কৃতজ্ঞ। উন্নাওয়ের ধর্ষণ মামলা প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কঠোর মনোভাব নিয়ে ওই মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে মূল মামলার তদন্ত এবং সাত দিনের মধ্যে নির্যাতিতা নারীর গাড়ি দুর্ঘটনার তদন্ত শেষ করার জন্য নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এছাড়া আজ শুক্রবারের মধ্যে নির্যাতিতাকে পচিশ লাখ টাকা আর্থিক সাহায্য দেয়ার জন্যও উত্তর প্রদেশের যোগি আদিত্যনাথ সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নির্যাতিতা ও তার পরিবার ও আইনজীবীর নিরাপত্তারক্ষী হিসেবে আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের নিযুক্ত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
তবে একটি নির্বাচিত সরকার বর্তমান থাকা অবস্থায় এভাবে আদালতের একাধিক পদক্ষেপে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মুখ পুড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘সুপ্রিম কোর্টের ওই রায় নজিরবিহীন। এতে বিচারব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। আর যারা একে ব্যঙ্গ করে তাদের কাছে এটা একটা শিক্ষা। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল তীব্র কটাক্ষ করে বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের লজ্জা হওয়া উচিত! ফাঁসির দড়ি থেকে কুলদীপ সেঙ্গার (ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক) আর বেশি দূরে নেই বলেও তিনি মন্তব্য করেন।