
আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৃথক ছয়টি স্থানে বোমা বিস্ফোরণের চারজন আহত হয়েছেন। থাই-পুলিশ জানায়, ছয়টি বিস্ফোরণের পর একটি অবিস্ফোরিত ডিভাইস উদ্ধার করা হয়েছে। বোমা বিস্ফোরণের এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্ত করে পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। সকাল ৯টার আগে শহরের মেট্রো স্টেশনের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের অন্যতম বহুতল ভবন ৭৭ তলা কিং পাওয়ার মহানাকন বিল্ডিংয়ের কাছে চতুর্থ বিস্ফোরণটি হয়। এর কিছু সময় পরই শহরের উত্তরাংশে কয়েকটি মন্ত্রণালয়ের সরকারি ভবনের কাছে আরেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কোনও পক্ষই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ব্যাংককে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলছে। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত রয়েছেন। এমন পরিস্থিতিতে বিস্ফোরণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে; তবে আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সরকার।