
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মির ইস্যুতে ফের মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন। আজ শুক্রবার ভারতের পক্ষ থেকে ট্রাম্পের ওই প্রস্তাবকে খারিজ করে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প কাশ্মির ইস্যু খুঁচিয়ে তুলে বলেন, কাশ্মির সমস্যা সমাধানের বিষয়টি ভারত-পাকিস্তান দু’দেশের ব্যাপার। কিন্তু তারা যদি মনে করেন এই সমস্যা সমাধানে আমার মধ্যস্থতা প্রয়োজন অবশ্যই করব। আজ ট্রাম্পের ওই প্রস্তাবকে সরাসরি খারিজ করে ভারত বলেছে, কাশ্মির নিয়ে কোনভাবেই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ভারত সায় দেয় না। ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ‘ইস্ট এশিয়া সামিট’ চলছে। আজ শুক্রবার সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সাক্ষাত হলে জয়শঙ্কর জানিয়ে দেন, কাশ্মির নিয়ে কোনভাবেই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ভারত সায় দেয় না। এ ব্যাপারে যা করার ভারত-পাকিস্তান দু’দেশ মিলেই করবে। জয়শঙ্কর এ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কাশ্মিরের ব্যাপারে ভারতের স্পষ্ট অবস্থান আমেরিকাকে জানিয়ে দেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরআগে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে বলেছিলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদি কাশ্মির ইস্যুতে তাঁকে মধ্যস্থতা করতে বলেছেন। তার ওই দাবি প্রসঙ্গে জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় হয়। ভারতের পক্ষ থেকে সেসময় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাফাই দিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এরকম কোনও অনুরোধ করেননি। এরপর বিষয়টি একপ্রকার থিতিয়ে যাওয়ার পরে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তাঁর দেওয়া প্রস্তাব কী ভারত-পাকিস্তান গ্রহণ করেছে? এ ব্যাপারে ট্রাম্প বলেন, মধ্যস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রহণ করবেন কি না সেটা তাঁর বিষয়। আমি মনে করি ইমরান খান ও নরেন্দ্র মোদি দু’জনেই খুব ভাল ব্যক্তি। আশা করব, তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। তিনি বলেন, যদি তাঁরা অন্য কারও মধ্যস্থতা চায়, তা হলে তিনি কিছু করতে পারেন। পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে এ ব্যাপারে। ভারতের সঙ্গেও খোলাখুলি আলোচনা হয়েছে কাশ্মিরের বিষয়টি নিয়ে।