
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে আজ অমরনাথ যাত্রাপথে বড় নাশকতা রুখে দিল ভারতীয় সেনা। উদ্ধার হল পাকিস্তান ও আমেরিকার তৈরী অত্যাধুনিক মারনাস্ত্র ও বিস্ফোরক। আরও জঙ্গি হামলার আশংকায় পবিত্র অমরনাথ যাত্রীদের উপত্যকা ছেড়ে চলে যেতে নির্দেশ দিল ভারতের জম্মু-কাশ্মীর সরকার।আজ অমরনাথ যাত্রাপথ থেকে প্রচুর বোমা একটি ল্যান্ডমাইন এবং একটি টেলিস্কোপিক স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে। আর ভারতীয় সেনাবাহিনী এই উদ্ধার অভিযানের পরই রাজ্য সরকারের তরফ থেকে পূন্যার্থীদের ফিরে যাওয়ার এই নির্দেশ এল। ভারতীয় সেনার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলোঁ জানান, গত কয়েক দিন ধরেই গোয়েন্দা সূত্রে খবর আসছিল অমরনাথ যাত্রাপথে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালাতে পারে। সেই বার্তা পাওয়া মাত্রই গোটা যাত্রাপথ জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। সে সময়েই বোমা, ল্যান্ডমাইন ও এম-২৪ রাইফেল উদ্ধার হয়।
ভারতীয় সেনা সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া ল্যান্ডমাইনটির গায়ে যে তথ্য রয়েছে তা থেকে জানা গিয়েছে সেটি পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি। আর টেলিস্কোপিক স্নাইপার রাইফেলটি আমেরিকার তৈরি। জেনারেল ঢিলোঁ আরও জানান, তল্লাশি অভিযান এখনও চলছে। এটা থেকে স্পষ্ট যে এই ঘটনার সঙ্গে পাক সেনা প্রত্যক্ষ ভাবে জড়িত। তারা কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এটা কোনও ভাবেই হতে দেওয়া যাবে না। উল্লেখ্য গত সপ্তাহেই কাশ্মীরে বাড়তি ১০ হাজার সেনা পাঠায় কেন্দ্র। এই তৎপরতা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল রাজ্যবাসীর মধ্যে। সেই উদ্বেগকে এক ধাক্কায় আরও বাড়িয়েছে স্থলসেনা ও বায়ুসেনাকে পাঠানো কেন্দ্রের সতর্কবার্তা। যদিও অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরেই এই ব্যবস্থা করা হচ্ছে বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। রাজ্যে সেনা তৎপরতা নিয়ে আজ শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও। তিনি এ দিন বলেন, “কাশ্মীরে এটা কী হচ্ছে? হঠাৎ কী এমন হল যে রাজ্যে সেনা বাড়ানোর প্রয়োজন পড়ল!”