News71.com
 International
 04 Aug 19, 11:39 AM
 175           
 0
 04 Aug 19, 11:39 AM

গোপনে ভারতে অনুপ্রবেশকারী মালদ্বীপের প্রাক্তন উপ রাষ্ট্রপতিকে ফেরত ॥

গোপনে ভারতে অনুপ্রবেশকারী মালদ্বীপের প্রাক্তন উপ রাষ্ট্রপতিকে ফেরত ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় জলসীমা অতিক্রম করা ও অবৈধভাবে তামিলনাড়ুর তুতিকোরিনে পৌঁছে যাওয়া মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে নিয়ে কূটনৈতিক টালবাহানার অবসান হয়েছে। দেশটির বর্তমান সরকারের অনুরোধের প্রেক্ষিতে তাঁকে ফেরত পাঠানো হল স্বদেশে। আহমেদ আদিবের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা চলছে মালদ্বীপে। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। মালদ্বীপের সংবাদ মাধ্যম ও সরকার জানাচ্ছে, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আদিব আত্মগোপনের পথ হিসেবে সমুদ্রপথে দেশ ছাড়েন। এরপর কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি বোটে করে তিনি মালদ্বীপের জলসীমা পেরিয়ে চলে যান। রাজধানী শহর মালে থেকে তিনি নিরুদ্দেশ হতেই চাঞ্চল্য ছড়ায়। সতর্ক করা হয় নৌ বাহিনিকে। কিন্তু তখন তাঁর খোঁজ মেলেনি। পরে আহমেদ আদিবকে ভারতীয় জলসীমা অবৈধভাবে পার করার অভিযোগে তামিলনাড়ুর তুতিকোরিনের কাছে আটক করে উপকূল রক্ষীরা।

আটক ব্যক্তি ভিভিআইপি হওয়ায় তাঁর পরিচয় প্রকাশ হতেই শুরু হয় চাঞ্চল্য। ভারতের পক্ষথেকে মালদ্বীপ সরকারকে সব জানানো হয়। আটক সে দেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে ফেরত নিতে শুরু হয় কূটনৈতিক পদক্ষেপ। ভারত সরকারের আইনে অনুপ্রবেশের দায়ে তাঁর বিচার হবে নাকি মালদ্বীপ সরকারের হাতে তুলে দেওয়া হবে এই নিয়ে নয়াদিল্লি ও মালে-এর মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া চলে। জানা গিয়েছে, গতকাল শনিবারই কড়া নিরাপত্তায় অনুপ্রবেশকারী মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। কারন বর্তমানে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সুমধুর। আগেও মালদ্বীপের অভ্যন্তরীণ সংকটের সময় ভারত সরকার পাশে দাঁড়িয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে মালদ্বীপকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চলছে টানাপোড়েন। সার্কভুক্ত দেশগুলি বিশেষ করে পাকিস্তানের অভিযোগ, মালদ্বীপে প্রভাব খাটিয়ে নিতে তৎপর ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন