News71.com
 International
 04 Aug 19, 07:48 PM
 198           
 0
 04 Aug 19, 07:48 PM

কাশ্মীর পরিস্থিতি নিয়ে গোয়েন্দাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥  

কাশ্মীর পরিস্থিতি নিয়ে গোয়েন্দাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আজ রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অরবিন্দ কুমার, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ‘র’-এর প্রধান সমন্ত গয়াল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবাসহ নিরাপত্তা বিষয়ক প্রায় সব বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাশ্মির পরিস্থিতি পর্যালোচনা করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বিশেষ বৈঠক বলে মনে করা হলেও ঠিক কী কারণে ওই বৈঠক সরকারিভাবে তা স্পষ্ট করা হয়নি। নিরাপত্তাজনিত কারণে গত শুক্রবার পর্যটক ও অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের কাশ্মির ছাড়ার নির্দেশ দেয়া হয়। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৩৫ হাজার আধাসামরিক বাহিনীর জওয়ান। এসব ঘটনায় কাশ্মির জুড়ে নানা গুজব-বিভ্রান্তিসহ চাপা উত্তেজনা ছড়িয়েছে।

তবে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি নিয়ে গভর্নর সত্য পাল মালিক ওই সম্ভাবনা নাকচ করে দিলেও এ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না থাকায় উপত্যকার সাধারণ মানুষের মধ্যে সেই সন্দেহ এখনও দূর হয়নি। এমন জল্পনাও চলছে, আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীনগরের লালচকে গিয়ে পতাকা উত্তোলন করতে পারেন। সেজন্যই নিরাপত্তা নিশ্ছিদ্র করার চেষ্টা। যদি তা হয় তাহলে প্রবল জাতীয়তাবাদের হাওয়ায় জম্মু-কাশ্মিরের বিধানসভা নির্বাচনের আগে তা বিজেপি’র জন্য তুরুপের তাস হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে, বিভিন্ন গুজবের মধ্যে সেখানকার চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। শ্রীনগর থেকে আকাশ পথে কমপক্ষে সাড়ে ৬ হাজার যাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে। কাশ্মিরগামী ট্রেনের টিকিট বাতিল করলে বাড়তি জরিমানা দিতে হচ্ছে না। এপর্যন্ত প্রায় দশ হাজার পর্যটক, যাত্রী কাশ্মির ত্যাগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন