News71.com
 International
 05 Aug 19, 06:42 PM
 158           
 0
 05 Aug 19, 06:42 PM

তালেবানের সাথে শান্তি আলোচনায় আফগান স্বার্থকে বিসর্জন দেয়া যাবে না॥প্রেসিডেন্ট গনি

তালেবানের সাথে শান্তি আলোচনায় আফগান স্বার্থকে বিসর্জন দেয়া যাবে না॥প্রেসিডেন্ট গনি

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তার দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোশ করা হবে না। তিনি গতকাল রোববার আফগান সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন। আশরাফ গনি বলেন, তালেবানের সঙ্গে সংলাপে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ বিষয়ে কোনো আপোষ বা সমঝোতা হবে না। গত ১৮ বছর ধরে তিলে তিলে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ গড়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট গনি। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় মিত্র দেশগুলিও গত দুই দশকের অর্জনগুলো রক্ষা করার ওপর জোর দিয়েছে। আফগানিস্তানের সংবিধানে দেশটিকে ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি গুজবে কান না দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতদিন তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনায় না বসছে ততদিন এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে যেতে হবে। কাতারের রাজধানী দোহায় গত শনিবার থেকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যখন তালেবানের অষ্টম দফা বৈঠক শুরু হয়েছে তখন প্রেসিডেন্ট গনি এসব কথা বললেন। আমেরিকা গত বেশ কয়েক মাস ধরে আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে গত সাত দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তালেবানও আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন