News71.com
 International
 06 Aug 19, 11:51 AM
 165           
 0
 06 Aug 19, 11:51 AM

গ্রেফতার হলেন ভারতীয় কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি॥

গ্রেফতার হলেন ভারতীয় কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি॥

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার রাতে দু’জনকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। যদিও তার আগেরদিন রোববার রাত থেকে তারা গৃহবন্দি ছিলেন। রাজ্য হিসেবে ভারতশাসিত কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করে অঞ্চলটিকে তিন ভাগে ভাগ করা নিয়ে চাপা উত্তেজনার মধ্যে মেহবুবাকে তার শ্রীনগরের বাড়ি থেকে অদূরের একটি সরকারি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওমর আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এছাড়া মূলধারার আরও দুই শীর্ষ রাজনীতিক সাজ্জাদ লোন এবং ইমরান আনসারিকেও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জম্মু-কাশ্মিরের সংরক্ষিত ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিলে অনেক দিন ধরেই প্রচারণা চালিয়ে আসছিল। এবারের নির্বাচনি ইশতেহারেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মে মাসে ক্ষমতায় আসার পরেই সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যত হন নরেন্দ্র মোদি-অমিত। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতিপত্র নিয়েই হাজির হয়েছিলেন তিনি। এই পদক্ষেপকে একেবারেই ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার পরিপন্থী বলে অভিযোগ তোলে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীরা। যদিও অমিত শাহ দাবি করেন, অস্থায়ী ৩৭০ ধারা বিলোপের ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি। এই অনুচ্ছেদের সুবাদেই ভারতশাসিত কাশ্মীর নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতাও পেয়েছিল। এমনকি সেখানে সরকারি চাকরি, জমি কেনা, ব্যবসা করার অধিকার কেবল কাশ্মীরিদেরই ছিল। কিন্তু অনুচ্ছেদটি বাতিলের ফলে আলাদা সংবিধান ও পতাকা হারানোর পাশাপাশি কাশ্মীরিরা সরকারি চাকরি, জমি কেনা ও ব্যবসা করার ক্ষেত্রে একক অধিকারও হারিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন