
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানি আবারো আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেবে না বার্লিন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস গতকাল সোমবার বার্লিনে বলেন, তার দেশ মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটে যোগ দেবে না। তিনি এর পরিবর্তে ইউরোপকে একটি জোট গঠনের আহ্বান জানান। তবে সার্বিকভাবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ নেয়া হলে পারস্য উপসাগরের চলমান সংকট আরো জটিল আকার নেবে। মাস সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে ব্রিটেন মার্কিন জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা তা করছি না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা একটি ইউরোপীয় মিশন চাই” ইউরোপীয় দেশগুলো এ ধরনের মিশন গঠনের বিষয়টি বিবেচনা করছে জানিয়ে হেইকো মাস বলেন, ইউরোপীয় ইউনিয়নকে এ ব্যাপারে রাজি করাতে সময় লাগবে। মার্কিন সরকার গত মঙ্গলবার জার্মানিকে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় গঠিত হতে যাওয়া একটি সামরিক জোটে যোগ দেয়ার আনুষ্ঠানিক আহ্বান জানায়। একই দিন বার্লিন সে আহ্বান আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে।