News71.com
 International
 07 Aug 19, 10:44 AM
 177           
 0
 07 Aug 19, 10:44 AM

নতুন ক্ষেপনাস্ত্র নিয়ে আমেরিকা কাজ শুরু করলে আমরাও করব॥রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নতুন ক্ষেপনাস্ত্র নিয়ে আমেরিকা কাজ শুরু করলে আমরাও করব॥রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নিয়ে আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করলে মস্কোও স্বল্প ও মধ্যম-পাল্লার ভূমিভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ শুরু করবে। দু’দেশের মধ্যে শীতল যুদ্ধের সময়কার ঐতিহাসিক আইএনএফ চুক্তি ভেঙে পড়ার কয়েকদিনের মধ্যে এ হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউরোপে রাখা ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরিয়ে নিতে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত রাশিয়ার মধ্যে আইএনএফ চুক্তিটি হয়েছিল।  চুক্তিতে ইউরোপে ৫০০ কিলোমিটার থেকে পাঁচ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এমন স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনেও মস্কো ও ওয়াশিংটনের ওপর নিষেধাজ্ঞা ছিল। শীতল যুদ্ধের সময়কার অস্ত্র প্রতিযোগিতার সমাপ্তি ঘটাতে ওই চুক্তি প্রধান ভূমিকা পালন করে বলে মনে করা হয়। চুক্তি অনুযায়ী দু’দেশ মোট ২,৬৯২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। কিন্তু গত শুক্রবার ২ জুলাই আমেরিকা আনুষ্ঠানিকভাবে চুক্তিটি থেকে বেরিয়ে গেলে এটি কার্যত ভেঙে পড়ে। এরপর রাশিয়াও একই ঘোষণা দেয়।

 

এ সম্পর্কে প্রেসিডেন্ট পুতিন গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, আবার উত্তেজনা বৃদ্ধি ঠেকানোর জন্য সব ধরনের সংশয় ঝেড়ে ফেলে অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনায় বসা উচিত। তিনি বলেন, আমরা সেরকম আলোচনায় বসতে রাজি আছি। এর আগে অবশ্য আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন।  বিষয়টি নিয়ে আমেরিকা এরইমধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করেছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন