
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে ডেঙ্গুতে অন্তত ৬২২ জনের মৃত্যু এবং দেড় লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ডেঙ্গুকে জাতীয় মহামারি ঘোষণা করেছে ফিলিপাইন। এডিস মশা থেকে সংক্রমিত রোগটিতে চলতি বছর রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হওয়ার পর ডেঙ্গুকে জাতীয় মহামারি ঘোষণা করলো দেশটি।ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, চলতি বছরের শুরু থেকে গত ২০ জুলাই পর্যন্ত মহামারি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ১ লাখ ৪৬ হাজার মানুষ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ (প্রায় দ্বিগুণ) বেশি।
দেশটির কর্মকর্তারা বলছেন, গোটা দেশে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মনোযোগ প্রয়োজন বলে ডেঙ্গুকে জাতীয় মহামারি ঘোষণা করা হয়েছে। তারা বলছেন, বেশকিছু এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে জরুরিসেবা প্রয়োজন। প্রসঙ্গত, ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি ফ্লু; তবে মাঝে মাঝে এটি প্রাণঘাতী হয়ে ওঠে। সাম্প্রতিক দশকগুলোতে গোটা বিশ্বে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গত মাসে ফিলিপাইন সরকার ডেঙ্গু মোকাবিলায় জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করে। কিন্তু তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে জাতীয় মহামারি ঘোষণা করা হলো।