
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় নৌ বাহিনীর একটি পরীক্ষা কেন্দ্রে রকেট ইঞ্জিন বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত বৃহস্পতিবার দক্ষিণ রাশিয়ার নিয়েন্সকায় একটি তরল রকেট ইঞ্জিনের পরীক্ষার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিউক্লিয়ার প্রতিষ্ঠান রস্তাকম। খবর বিবিসি'র। তারা জানায়, গত বৃহস্পতিবার দক্ষিণ রাশিয়ার নিয়েন্সাকা থেকে প্রায় ৪৭ কি.মি. বা ২৯ মাইল দূরে অবস্থিত সেভেরদ্ভিঙ্কে নৌ বাহিনীর একটি পরীক্ষা কেন্দ্রে রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানো হচ্ছিলো। এ সময় হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুইজন নিহত ও ছয় জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আর আহত বাকি তিন জনের শরীর গুরুতরভাবে পুড়ে গিয়েছে বলেও জানায় তারা।