
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গ রাজ্যে কংগ্রেস ও সিপিএমকে এবার নতুন শিক্ষা দিয়েছে। বুঝিয়ে দিয়েছে, তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। শক্ত হচ্ছে বিজেপির মাটি। আর আলগা হচ্ছে তৃণমূলের মাটি। লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধে নির্বাচনের কথা ভাবছে। এ বছর বিধানসভার তিনটি আসনের উপনির্বাচনে আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে দুই দল।
এবার লোকসভা নির্বাচনের ফলাফল নতুন করে হিসাব কষতে শিখিয়েছে দলগুলোকে। যেখানে বিজেপি এই রাজ্যে দুটি আসনের মালিক ছিল, সেখানে তারা কেড়ে নিয়েছে ৪২ আসনের মধ্যে ১৮টি আসন। আবার কংগ্রেসের যেখানে ৪টি আসন ছিল, সেখানে তারা পেয়েছে দুটি আসন। আর সিপিএমের দুটি আসন ছিল, এখন শূন্য হয়ে গেছে। তাই এই ফলাফল কংগ্রেস-সিপিএমকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তৃণমূল-বিজেপিকে রুখতে হলে ধর্মনিরপেক্ষ কংগ্রেস ও সিপিএমকে ফের ঐক্যবদ্ধ হতে হবে। তাদের বিজেপি-তৃণমূল, এই দুই শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে।