
আন্তর্জাতিক ডেস্কঃ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রের শাসন জারি করা প্রশ্নে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। মস্কো জানিয়েছে, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর রাজ্যের স্ট্যাটাস বদলেছে ভারত। একই সঙ্গে দুই দেশকেই শান্তি রক্ষার বার্তাও দিয়েছে তারা। রুশ পররাষ্ট্রম মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও এটিকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আশা করি যে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পর্কের পক্ষে প্রত্যাশা করে আসছে।
রাশিয়ার ওই বিবৃতিতে উঠে এসেছে লাহোর চুক্তি ও শিমলা চুক্তির কথাও। তাতে বলা হয়েছে, আমরা আশা করব, শিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্র মেনে দুই দেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাদের যাবতীয় দ্বন্দ্বের নিরসন ঘটাবে। যদিও কাশ্মীর প্রশ্নে কিছুটা নরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে চীনকে কিছুটা হলেও আংশিক পাশে পেয়েছে পাকিস্তান। চীনের পক্ষ থেকে লাদাখ নিয়ে ভারতকে সতর্ক করলেও কাশ্মীর প্রশ্নে নীরব প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। তারা ওই অঞ্চলের স্থিতাবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেছে । এ অবস্থায় মস্কোর এই ঘোষণায় ভারত কূটনৈতিকভাবে কিছুটা সুবিধা পেলো বলে বিশ্লেষকরা মনে করছেন।