
আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন সোনিয়া গান্ধী। গতকাল শনিবার সন্ধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ১২ বছর পর সোনিয়া গান্ধী আবার দলটির শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন। কংগ্রেস সূত্রে জানা গেছে, গতকালও দলের এক অংশের নেতারা রাহুল গান্ধীকে সভাপতি পদে ফিরে পেতে আগ্রহী ছিলেন। কিন্তু পদত্যাগপত্র তুলে নিতে রাজি হননি রাহুল। এমন অবস্থায় সোনিয়া গান্ধীর দ্বারস্থ হন দলের নেতারা। যত দিন পর্যন্ত রাহুলের বিকল্প পাওয়া না যাচ্ছে, ততদিন পর্যন্ত দায়িত্ব নিতে অনুরোধ করা হয় সোনিয়া গান্ধীকে। এ অবস্থায় না বলতে পারেননি কংগ্রেসের এ সাবেক সভাপতি। সোনিয়া সভাপতির দায়িত্ব নিতে রাজি হওয়ার পর রাহুল গান্ধীর পদত্যাপত্রও গৃহীত হয়। এর আগে এ দিন সকালে দিল্লিতে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচনের জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। এতে নিজেদের বক্তব্য তুলে ধরে বৈঠক ছেড়ে চলে যান পদত্যাগী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী।কোনো সিদ্ধান্ত ছাড়াই দিনের বৈঠক শেষ হয়।