
নিউজ ডেস্কঃ ভিসায় বর্ণিত বাধ্যবাধকতা অমান্য করায় হজ্ব পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য সৌদি আরবে গমনকালে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭১ জন কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ সকালে সৌদি আরবের জেদ্দা আব্দুল আজিজ অন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। জানা গেছে সৌদি সরকার কর্তৃক সেদেশে প্রবেশের জন্য বেঁধে দেয়া সময়সীমা পার হয়ে যাওয়ায় তাদের সৌদিতে প্রবেশ করতে না দিয়ে আটক করা হয়েছে।তবে আটক করলেও তাদের জেলে নেয়া হচ্ছে না । ইতিমধ্যেই আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের দেশে ফেরত পাঠনোর জন্য সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, বিমানের এই কর্মকতারা এবার হজ্ব পালনের জন্য যে সকল বাংলাদেশী বিমানের ফ্লাইটে করে সৌদিতে গিয়েছেন তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম পরিচালনার জন্য সৌদি যাচ্ছিলেন। গত রবিবার রাতে বাংলাদেশ বিমানের বিজি ০৩৫ ফ্লাইটে করে ঢাকা থেকে জেদ্দায় যান। আজ ভোরে জেদ্দা বিমান বন্দরে পৌঁছানোর পর তারা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্ঠা করেন। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সৌদি আরবে প্রবেশ করতে না দিয়ে আটক করে। সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আটককৃত বিমান কর্মকর্তাদের সকলের ভিসায় উল্লেখ করা আছে - ‘হজ্ব পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে যারা সৌদিত যাবেন তাদের অবশ্যই ৭ আগস্টের মধ্যে সেদেশে প্রবেশ করতে হবে। কিন্তু এই বাধ্যবাধকতা উপেক্ষা করেই বাংলাদেশ বিমানের এই কর্মকর্তারা ৫ দিন পর জেদ্দায় পৌছান । ফলে তাদের ঢুকতে দেয়নি সেদেশের ইমিগ্রশন কর্তৃপক্ষ। এই অবস্থায় হজ্ব সম্পন্ন করে বাংলাদেশি হাজীদের দেশে ফিরতে জেদ্দা ও মদিনা বিমান বন্দরে চরম দুর্গোগে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।