
আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতার নিউমার্কেট এলাকার বাংলাদেশি হোটেলগুলোতে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। ঈদ শেষ হওয়ার পর বুধবার (১৪ আগস্ট) থেকে বাড়ছে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা। ঈদুল আজহার আগে থেকেই এবার কলকাতায় অন্য সময়ের তুলনায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি কমে যায়। বাংলাদেশি পর্যটক নির্ভর এই এলাকাটি তাই প্রাণহীন হয়ে পড়ে। যদিও আজ বুধবার থেকে এলাকাটি ফিরছে আগের ছন্দে। চিকিৎসা, কেনাকাটাসহ ভিসা সংগ্রহের মতো নানা কাজে হাজার হাজার বাংলাদেশি পর্যটককে আসতে হয় কলকাতায়।
সরকারি হিসেব বলছে, প্রতিদিন গড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার বাংলাদেশি পর্যটক বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। আর তাদের অধিকাংশই থাকেন কলকাতায়।তিনদিনের খানিকটা নীরব পরিস্থিতির পর এখন আবার কলকাতার পথঘাট বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে।