
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত-প্রশাসিত কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপ একটি 'কৌশলগত ভুল' আর এজন্য তাকে চরম মূল্য দিতে হবে। গতকাল বুধবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান-প্রশাসিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে যান। সেখানে আইন পরিষদের এক বিশেষ অধিবেশনে রাখা বক্তব্য তিনি এ কথা বলেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান তার বক্তব্যে আরও বলেন, কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলগতভাবে ভুল করেছেন। তিনি তার শেষ কার্ডটি আগেই খেলে ফেলেছেন। তারা এখন কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ফেলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া অনুচ্ছেদ ৩৭০'র বিলোপ এবং ঐ রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার প্রতি ইঙ্গিত করেই এসব কথা বলেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কাশ্মীরের একজন প্রতিনিধি হিসেবে বর্ণনা করে ইমরান খান ভারতের তরফে, তার ভাষায়, যে কোন দুর্ঘটনার বিরুদ্ধে হুঁশিয়ারি জানান।
পাকিস্তানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এপিপি খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী খান তার ভাষণে কাশ্মীরের আইন পরিষদকে জানিয়েছেন যে ভারত আজাদ কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করছে। ভারতের তরফে যে কোন হুমকি মোকাবেলার জন্য পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও ইন পরিষদকে জানান তিনি। তবে এবার তার স্বাধীনতা দিবসকে 'কাশ্মীর সংহতি দিবস' হিসেবে পালন করছে পাকিস্তান । এই উপলক্ষে পাক সরকারের তরফ থেকে নতুন একটি লোগো প্রকাশ করা হয়েছে যাতে লেখা হয়েছে 'কাশ্মীর বনেগা পাকিস্তান' অর্থাৎ কাশ্মীর হবে পাকিস্তান। সে দেশের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোও তাদের পর্দায় এই লোগো ব্যবহার করছে। আজ বৃহস্পতিবার অর্থাৎ ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসকে পাকিস্তান কালো দিবস হিসেবে পালন করছে। যে কারনে পাকিস্তানের বিভিন্ন সরকারি বেসরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।