
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে ২৩৩ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ ভুট্টার ক্ষেতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার মস্কোর ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি পাখির ঝাঁকে বাধাপ্রাপ্ত হয়ে উড়োজাহাজটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এরপরই পাইলট দ্রুত উড়োজাহাজটি দক্ষতার সঙ্গে ভুট্টার ক্ষেতে অবতরণ করান।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাখির ঝাঁকে বাধাপ্রাপ্ত হয়ে ইউরাল এয়ারলাইন্সের এয়ারবাস-৩২১ মডেলের উড়োজাহাজটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। পাইলট দ্রুত উড়োজাহাজটিকে ভুট্টার ক্ষেতে অবতরণ করান। এ ঘটনায় ২৩ জন আরোহী আহত হয়েছেন। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। রাশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র এলেনা মিখিয়েভা জানিয়েছেন, জরুরি অবতরণ করার সময় উড়োজাহাজটির ইঞ্জিনগুলো বন্ধ ছিল এবং ল্যান্ডিং গিয়ারও নামানো ছিল না।