
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ডে দোষারোপ করে দেশটির সঙ্গে আর কোনো ধরনের সংলাপে না বসার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের দেওয়া ভাষণের জবাবে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে উত্তর কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আজ শুক্রবার ভোরে আবারও জাপান সাগরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে ছয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। ছয়দিন আগে জাপান সাগরে দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
গত জুন মাসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন করে সমঝোতা আলোচনায় বসার ব্যপারে একমত হন। এরপর থেকেই ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র তৈরি করার জেরে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে।