News71.com
 International
 16 Aug 19, 06:46 PM
 195           
 0
 16 Aug 19, 06:46 PM

কাশ্মীর ইস্যু নিয়ে আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক॥চিন ছাড়া কাউকেই পাশে পাচ্ছে না পাকিস্তান

কাশ্মীর ইস্যু নিয়ে আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক॥চিন ছাড়া কাউকেই পাশে পাচ্ছে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীর নিয়ে চিনের আর্জিতে সাড়া দিয়ে আজ শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। দিন নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের কার্যালয়ে স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ ভারতীয় সময়ে সন্ধ্যা সাড়ে সাতটায় ওই বৈঠক হবে বলে জানা গেছে। কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকের বিষয়টিকে তাদের কূটনৈতিক জয় হিসেবেই দাবি করেছে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, “চার দশক পর নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে যে বৈঠক হতে চলেছে তা নজিরবিহীন।” কুরেশির মন্তব্যকে উদ্ধৃত করে পাক সরকারি সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, এটা দু’দেশের জমি সংক্রান্ত বিষয় নয়, এটা মানবিকতার বিষয়। বিশ্বকে এটা বুঝতে হবে। জাতিসংঘে পাক বিদেশমন্ত্রীর লেখা চিঠিতে রীতিমতো হুমকির সুরে বলা হয়, ‘আমরা কোনও দ্বন্দ্ব চাই না। কিন্তু ভারত যেন আমাদের সংযমকে দুর্বলতা না ভাবে।’

অন্য দিকে, আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের জন্য জোরদার চেষ্টাও চালান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাঁকে। আমেরিকা তো বটেই, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মুসলিম দেশ ইরানসহ কোনও দেশই এ ব্যাপারে নাক গলাতে চায়নি। এটা ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেই সকলে একযোগে জানায় পাকিস্তানকে। তবে বিষয়টি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় তাদের সংযত থাকার পরামর্শও দেয় তারা। সংযত থাকার কথা বলেন রাষ্ট্রপুঞ্জ প্রধান অ্যান্তোনিও গুতেরেসও। ফলে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান।

তবে নিরাপত্তা পরিষদের চার সদস্যকে পাশে না পেলেও, চিন কিন্তু বরাবরের মত এ ব্যাপারেও পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে। গত কয়েক দিন আগেই চিনের সমর্থন পেতে সে দেশে ছুটে যান পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেখানে বৈঠকের পরে শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, কাশ্মীর ইস্যুতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। সেখানে চিনের মন্ত্রী বলেন কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন