
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি গ্রেফতার আছেন। এদিকে রাজনীতি না করলেও তার মেয়ে ইলতিজা জাভেদ রয়েছেন গৃহবন্দি। কার্যত তিনি এখন অবরুদ্ধ। বহির্বিশ্বের সঙ্গে তার যোগাযোগের কোনও উপায় নেই। এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোলা চিঠি লিখলেন ইলতিজা জাভেদ। মেহবুবা মুফতির মেয়ে ভয়েস মেসেজে ও একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, তার মা গ্রেফতার হওয়ার কয়েক দিন পরে তাকে তার বাড়িতে আটকে রাখা হয়েছে। ইলতিজা বলেন, পশুর মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে কাশ্মীরিদের। কেড়ে নেওয়া হয়েছে তাদের মানবাধিকার। এমনকি সংবাদমাধ্যমে মুখ খুললে তাকে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, কখনই রাজনীতিতে পা রাখেননি ইলতিজা। তা সত্ত্বেও দিন কয়েক আগে তাকে গৃহবন্দি করা হয়। কিন্তু তাকে কেন গৃহবন্দি করা হয়েছে, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষে এখন পর্যন্ত কোনও জবাব মেলেনি। তাই গতকাল বৃহস্পতিবার সরাসরি অমিত শাহকেই খোলা চিঠি লেখেন ইলতিজা।