
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভারাক্রুজে একটি ট্রাকের পরিত্যক্ত ট্রেইলার থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, হারিয়ে যাওয়া ও ক্ষুধার্ত অবস্থায় উদ্ধার হওয়া এই ৬৫ জন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। এদের মধ্যে বাংলাদেশের ১৭ জন, ভারতের ৩৬ জন এবং শ্রীলঙ্কার ১২ জন অভিবাসী রয়েছেন। খবরে বলা হয়েছে, ফেডারেল পুলিশের এজেন্টরা পরিত্যক্ত ট্রেইলারটি খুঁজে পায়। পরে কন্টেইনার খুললে সেখানে ৬৫ জন নথিবিহীন অভিবাসীকে অমানবিক পরিস্থিতিতে পাওয়া যায়। এদের মধ্যে অনেকেই ভয়াবহ পানিশূন্যতায় ভুগছিলেন।
পুলিশের তথ্য অনুসারে, এই অভিবাসীরা ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে পৌঁছার জন্য যাত্রা শুরু করেছিল। প্রথমে তারা শ্রীলঙ্কা হয়ে কাতার, এরপর তুরস্ক, কলম্বিয়া, পানামা থেকে ইকুয়েডর পৌঁছায়। এরপর গুয়াতেমালায় পৌঁছায় বাসে। পরে মেক্সিকোর ভূখণ্ডে অবতরণ করে নৌকায়। পরে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে তাদের ফেলে যাওয়া হয়। উদ্ধার করা অভিবাসীদের চিকিৎসা সেবা, পানি ও খাবার দেয়া হয়েছে এবং তাদের স্থানীয় একটি কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই কেন্দ্রে পরীক্ষা করে দেখা হবে তারা মেক্সিকোতে থাকার উপযুক্ত কিনা। স্থানীয় সংবাদমাধ্যমকে এক কর্মকর্তা বলেন, এসব দেশের অভিবাসীদের উদ্ধারের ঘটনা খুব বিরল। সাধারণত মধ্য আমেরিকা বা কিউবার নাগরিকদের উদ্ধার করা হয়।