
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত পাকিস্তানের অভিযোগ নিয়ে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কাশ্মীর নিয়ে ‘একান্ত আলোচনা’ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। হোয়াইট হাউস বলেছে, ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে উত্তেজনা প্রশমনে গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বৈঠক শেষের পরে ভারত ফের জোর দিয়েই জানিয়ে দিয়েছে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের বিষয়টি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ। আন্তর্জাতিক স্তরে এর কোনও প্রভাব পড়বে না। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী দূত সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, ‘‘আলোচনা শুরু করতে হলে পাকিস্তানকে সন্ত্রাস বন্ধ করতে হবে।’’ পাকিস্তানের ‘সহমর্মী’ তথা নিরাপত্তা পরিষদের অন্যতম ক্ষমতাশালী সদস্য চিনের অনুরোধেই বৈঠক বসেছিল আজ। বৈঠক শেষের পরে রাষ্ট্রপুঞ্জে চিনের দূত ঝ্যাং জুন বলেন, ‘‘নিরাপত্তা পরিষদ মনে করছে, ভারত ও পাকিস্তানকে কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে।’’ কাশ্মীর পরিস্থিতিকে ‘গুরুতর ও বিপজ্জনক’ বলেন তিনি।
ভারত ও পাকিস্তান কোনদেশই যোগ দেয়নি এ দিনের বৈঠকে। পরে আকবরউদ্দিন বলেন, ধাপে ধাপে কাশ্মীর থেকে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে ভারত দায়বদ্ধ। কিন্তু পাকিস্তান ‘জেহাদ’-এর নামে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাস ছড়াচ্ছে। ‘ঘরোয়া আবহে’ আজকের রুদ্ধদ্বার বৈঠকটি নিরাপত্তা পরিষদের বিখ্যাত অশ্বক্ষুরাকৃতি টেবিলে হয়নি। তবু বিষয়টি ভারতের কাছে স্বস্তিজনক নয়। এ কথা ঠিক যে, আজকের বৈঠকের পরেই বিষয়টি নিরাপত্তা পরিষদের কর্মসূচিতে পাকাপাকি ভাবে ঢুকে যাবে— এমনটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আগামী মাসেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে কাশ্মীর নিয়ে ফের সরব হবে পাকিস্তান। তার আগে ইসলামাবাদের পাশে বেজিংয়ের দাঁড়ানোর বিষয়টি দীর্ঘমেয়াদি প্রশ্নে ভারতের মাথাব্যথা হতে পারে। এখনও পর্যন্ত নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে ঘোষিত ভাবে রাশিয়াকে পাশে পেয়েছে ভারত । অন্য এক শক্তিশালী সদস্য ফ্রান্স সাধারণ ভাবে কৌশলগত প্রশ্নে ভারতের সঙ্গেই থেকে এসেছে গত পাঁচ বছর। নয়াদিল্লির আশা, কাশ্মীর ইস্যুতেও প্যারিসের সমর্থন মিলবে। ব্রিটেনকে নিয়েও চিন্তা নেই ভারতের । আমেরিকাও কাশ্মীরকে ‘দ্বিপাক্ষিক বিষয়’ বলেছে।তাই পাকিস্তান ও তার মিত্র চীন কাশ্মীর নিয়ে যতই লম্ফ-ঝম্ফ করুক আখেরে ভারতের পক্ষেই থাকবে রাষ্ট্রপুন্জ।