
নিউজ ডেস্কঃ রাজধানীর শতকরা ৮০ ভাগ ভবনই আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আগুন লাগলে সরু রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারা ও পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে কয়েকগুণ। এ কারণে আতঙ্কিত অনেক এলাকার বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সময়সাপেক্ষ হওয়ায় আপাতত ফায়ার হাইড্রেন্ট নির্মাণ ও সচেতনতা জরুরি। ঢাকা ওয়াসা জানায়, নতুন পাইপ লাইন বসানোর সময় পুরো শহরেই পানি সরবরাহের ব্যবস্থা রাখা হবে। পুরনো ঢাকার পোস্তায় গত বুধবার আগুন নেভানোর কাজ শুরুর কিছুক্ষণ পরেই পানি সংকটে পড়ে ফায়ার সার্ভিস। সরু গলিতে গাড়ি ঢুকতে না পারায়ও সমস্যা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে। ঢাকা দক্ষিণের বেশিরভাগ জায়গায়ই এমন সরু রাস্তা, অলিগলি পেরিয়ে চলাচল করেন বাসিন্দারা। রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম, আবাসিক এলাকায় কারখানা ও অনিরাপদ বৈদ্যুতিক লাইনের ছড়াছড়ি এলাকাজুড়ে। আগুন লাগলে নিরাপদ জায়গায় বের হওয়া এবং পর্যাপ্ত পানি সরবরাহেরও ব্যবস্থা নেই অনেক জায়গায়। এ কারণে আতঙ্কে থাকেন স্থানীয়রা।