
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জিব্রাল্টার থেকে মুক্তি পাওয়া ইরানি তেল ট্যাংকারকে যেকোনো ধরনের সহযোগিতা করার ব্যাপারে গ্রিস সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। সব রকম চেষ্টা চালিয়েও জিব্রাল্টার থেকে ইরানি তেল ট্যাংকার ‘আদরিয়ান দারিয়া-১’র মুক্তি বাধাগ্রস্ত করতে ব্যর্থ হওয়ার পর পম্পেও এবার গ্রিসকে সতর্ক করে দিলেন। ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী ইরানের ট্যাংকারটি গ্রিসের দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ হুঁশিয়ারি এল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানি তেল ট্যাংকারকে যেকোনো ধরনের সহযোগিতা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া, মাইক পম্পেও গতকাল সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানি সুপার তেল ট্যাংকারের মুক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনি প্রক্রিয়ায় তেল ট্যাংকারটির মুক্তি ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী একটি ইরানি ট্যাংকার আটক করে। পরবর্তীতে গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী অতিক্রমের সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করে ইরান। এরপর কূটনৈতিক চ্যানেলে ইরানের ব্যাপক প্রচেষ্টার পর গত ১৫ আগস্ট জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট সুপার তেল ট্যাংকারটি মুক্ত করার নির্দেশ দেয়। কিন্তু শনিবার মার্কিন বিচার বিভাগ তেল ট্যাংকারটিকে মুক্ত না করে আমেরিকার কাছে হস্তান্তর করার জন্য জিব্রাল্টারকে অনুরোধ জানায়। কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে জিব্রাল্টার ১৮ আগস্ট ইরানি তেল ট্যাংকারটিকে মুক্ত করে দেয়। এ ঘটনাকে আমেরিকা ও ব্রিটেনের মোকাবিলায় ইরানের বড় ধরনের বিজয় হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল। জিব্রাল্টার থেকে ছাড়া পেয়ে ইরানি তেল ট্যাংকারটি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানিসীমার দিকে অগ্রসর হয়েছে। কোনো কোনো সূত্র খবর দিয়েছে, এটি গ্রিসের একটি বন্দরে ভিড়বে।