
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রেক্সিট চুক্তিতে 'ব্যাকস্টপ' বা সীমান্তে কড়াকড়ি আরোপকে 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়ে এটিকে চুক্তি থেকে বাদ দিতে ইইউ'র প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে চুক্তি হোক আর না হোক, ব্রেক্সিটের জন্য ব্রিটেন পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। চুক্তিহীন ব্রেক্সিট হলে যুক্তরাজ্যই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে ইইউ। এর মধ্যেই চুক্তিহীন ব্রেক্সিট রুখে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেছেন ব্রিটেনের বিরোধী নেতা জেরেমি করবিন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপ সফরে যাওয়ার আগে গত সোমবার, যুক্তরাজ্যের কর্নওয়াল কাউন্টির ট্রুরো শহরে গণমাধ্যমের সামনে হাজির হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময়, সাংবাদিকদের কাছে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেক্সিট চুক্তিতে 'ব্যাকস্টপ' বা সীমান্তে কড়াকড়ি আরোপের তীব্র সমালোচনা করে একে অগণতান্ত্রিক বলে আখ্যা দেন তিনি। বলেন, চুক্তি থেকে 'ব্যাকস্টপ' প্রত্যাহার করা না হলে, এটি আইরিশ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তবে, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত চুক্তি না হলে, বারবার চুক্তিহীন ব্রেক্সিটের কথা বলা হলেও, এটি প্রকারান্তরে যুক্তরাজ্যকেই ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করে দিয়েছে ইইউ।
গত সোমবার, ব্রাসেলসে জোটের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ইইউ'র উপ-মুখপাত্র বলেন, চুক্তিহীন ব্রেক্সিট শুধু দেশটির অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় যেকে আনবে। এদিকে, যেকোনো মূল্যে চুক্তিহীন ব্রেক্সিট ঠেকানোর অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেছেন ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। গতকাল সোমবার, নর্দ্যাম্পটনশায়ার কাউন্টির করবি শহরে দলীয় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে দেশ ও জাতি এক ভয়াবহ রাজনৈতিক ও সাংবিধানিক বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে, যা থেকে উত্তরণের পথ অনেক কঠিন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রিটেনের ইইউ ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে। আর শেষ পর্যন্ত ব্রেক্সিট চুক্তি সই না হলে, ব্রেক্সিটের পরদিন থেকেই জোটের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে ব্রিটেন।