News71.com
 International
 22 Aug 19, 01:48 PM
 174           
 0
 22 Aug 19, 01:48 PM

সকাল থেকেই সিবিআইয়ের জেরা করা হচ্ছে ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকে॥

সকাল থেকেই সিবিআইয়ের জেরা করা হচ্ছে ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকে॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাতভর সিবিআই দফতরে কাটানোর পর বৃহস্পতিবার সকাল থেকে প্রাক্তন অর্থমন্ত্রীকে জেরা শুরু করল সিবিআই। এ দিনই দুপুর ২টো নাগাদ তাঁকে আদালতে তোলার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। সূত্রের খবর, তদন্তের স্বার্থে চিদম্বরমের ১৪ দিন সিবিআই হেফাজতের আবেদন জানাতে চলেছে সিবিআই। বুধবার রাতে গ্রেফতারের পর রাত ১০টা নাগাদ তাঁকে সিবিআইয়ের সদর দফতরে আনা হয়। রাতেই তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষাও করা হয়েছে। রাত থেকে সিবিআই গেস্ট হাউজের ৫ নম্বর ঘরে রয়েছেন তিনি। সূত্রের খবর, ২০১১ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন চিদম্বরমই নিজে হাতে এই ৩ নম্বর ঘরেরর উদ্বোধন করেছিলেন। সে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে সিবিআই দফতর এবং তার লক আপের যাবতীয় সুযোগসুবিধা ঘুরে দেখেছিলেন।


সিবিআই সূত্রের খবর, রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আইএনএক্স মিডিয়ার প্রাক্তন কর্ণধার ইন্দ্রানী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের যাবতীয় তথ্য তাঁর কাছে জানতে চায় সিবিআই। তারপর বেলা ২টো নাগাদ আদালতে তোলা হবে তাঁকে। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লি পৌঁছেছেন চিদম্বরমের ছেলে কার্তিও। শোনা যাচ্ছে, তাঁকে বাবার মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই। তবে সিবিআইয়ের ডাকেই তিনি দিল্লি এসেছেন কি না তা জানা যায়নি। দিল্লি বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের তিনি জানান, কংগ্রেসকে টার্গেট করেই এই গ্রেফতারি। যন্তরমন্তরের সামনে এর প্রতিবাদ করবেন তিনি। বুধবার দিনভর নাটকের পর রাত সাড়ে ৯টা নাগাদ গ্রেফতার হন চিদম্বরম।


আইএনএক্স মিডিয়া দুর্নীতির অভিযোগে তাঁর গ্রেফতারির আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। তারপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ইডি। অবশেষে দীর্ঘ ২৭ ঘণ্টা বেপাত্তা থাকার পর বুধবার রাতে প্রকাশ্যে আসেন প্রাক্তন অর্থমন্ত্রী। বুধবার রাত ৮টা নাগাদ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে পৌঁছন তিনি। অভিষেক মনু সিঙ্ঘভি, গুলাম নবি আজাদ এবং কপিল সিবলের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। তারপর বাড়ি ফিরে যান। সেই খোঁজ পেয়েই চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে চিদম্বরমকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন