News71.com
 International
 22 Aug 19, 11:44 PM
 198           
 0
 22 Aug 19, 11:44 PM

চিদাম্বরমের গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি॥

চিদাম্বরমের গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি॥

আন্তর্জাতিক ডেস্কঃ আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে দুর্নীতি মামলায় ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের গ্রেফতারের পদ্ধতি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বৃহস্পতিবার রাজ্যটির পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘আমার মনে হয়েছে কখনও কখনও প্রক্রিয়াটি ভুল। আমি আইনি বিষয় নিয়ে কথা বলছি না। কিন্তু চিদাম্বরম একজন শীর্ষ রাজনীতিবিদ। তিনি দেশের সাবেক অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যেভাবে এই বিষয়টিকে পরিচালনা করা হয়েছে সেটা খুবই হতাশাজনক, দু:খজনক। প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের দেশে চারটি স্তম্ভ আছে- প্রথমত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দ্বিতীয়ত নির্বাচন কমিশন, তৃতীয় গণমাধ্যম এবং চতুর্থত বিচারবিভাগ। আমরা আজ আমাদের দেশের গণতন্ত্রের অনুপস্থিতি খুব অনুভব করছি। গণতন্ত্র আজ কাঁদছে। আইনি বিষয় নিয়ে কোন কথা বলতে চাই না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে গেলে ‘বিচারে বাণী নিরবে নিভৃতে কাঁদে।’ গণমাধ্যম পুরোপুরি ভাবে বিজেপির মুখপাত্র হয়ে গেছে। বিজেপি যাই বলছে তাই করে দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য, টানটান উত্তেজনা শেষে গতকাল বুধবার রাতে সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাতে তাঁকে রাখা হয় সিবিআই’এর সদর দফতরের লক আপ স্যুইট থ্রি-তে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন