
আন্তর্জাতিক ডেস্ক: দু’ বছর আগে মামলার বিস্তারিত শোনার পর থেকেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পাশে আছেন সোনিয়া গান্ধী। তাই সরকারি পদের প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার মামলায় চিদম্বরমকে সিবিআই গ্রেপ্তার করলেও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রীর হয়েই সওয়না করছে জাতীয় কংগ্রেস। একটি মিডিয়া হাউসকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে তাঁকে সিবিআই গ্রেপ্তার করলেও বিষয়টিকে ব্যক্তি চিদম্বরমের বদলে সার্বিকভাবে বিরোধীদের ওপর বিজেপির প্রতিহিংসা হিসেবেই রাজনৈতিক বলছে কংগ্রেস। একইসঙ্গে বিষয়টিকে স্রেফ কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ না রেখে মোদি বিরোধী আকার দেওয়ার পরিকল্পনা করেছে কংগ্রেস। বিরোধী দলগুলি যাতে এই ইস্যুতে সহমত পোষণ করে, তার জন্য কংগ্রেসের ম্যানেজাররা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলেই দলীয় সূত্রে খবর। সংসদে যেভাবে মোদি বিরোধিতা বজায় রাখা হয়েছিল, একইভাবে এখনও জোটবদ্ধ রাখার চেষ্টা হচ্ছে। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা চেন্নাইতে ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের মন্তব্য তারই ফলশ্রুতি বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক সূত্রে খবর, সর্বমহলে প্রশ্ন তোলা হচ্ছে, মামলাটি অনেকদিনের পুরনো, এতদিন কেন চুপ করে বসেছিল মোদি সরকার? দেশের বর্তমান অর্থনৈতিক বেহাল অবস্থা, কর্মসংস্থানের করুণ অবস্থার মতো বিষয়গুলি থেকে দৃষ্টি ঘোরাতেই সরকার বিরোধী দলের রাজনৈতিক নেতাদের হেনস্থা করছে। আসলে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বলেই আক্রমণ চড়িয়েছে কংগ্রেস। অর্থমন্ত্রী থাকাকালীন সর্বভারতীয় একটি টিভি চ্যানেলকে পি চিদম্বরম বিদেশি বিনিয়োগে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। চিদম্বরম পুত্র কার্তি ওই কোম্পানির হয়ে মধ্যস্থতা করছিলেন বলেও অভিযোগ। কিন্তু একজন খুনের মামলায় অভিযুক্ত কী বললেন, তার ওপর ভিত্তি করে সিবিআই এবং ইডি যেভাবে চিদম্বরমের মতো একজন নিপাট ভদ্রলোককে হেনস্থা করছে, গ্রেপ্তার করেছে, তা গণতন্ত্রর পক্ষে সর্বনাশ বলেও দাবি করেছে কংগ্রেস। জাতীয় কংগ্রেসনেতা সুরজেওয়ালা বলেন, চোখের সামনে গণতন্ত্রর এই হত্যা দেখে গোটা দেশের সচেতন মানুষের প্রতিবাদে সরব হওয়া উচিত। চিদম্বরমকে নিষ্পাপ আখ্যা দেওয়ার পাশাপাশি সিবিআইকে এক হাত নিয়ে সুরজেওয়ালা এদিন বলেন, গতকাল রাতে যে অফিসাররা পি চিদম্বমের বাড়ির পাঁচিল টপকে তাঁকে গ্রেপ্তার করে তাঁদের রাজনৈতিক প্রভুদের খুশি করতে চেয়েছেন, আশাকরি তাঁরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার সাহস রাখবেন যে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির সামান্যতম প্রমাণও তাঁদের কাছে নেই।