
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা প্রত্যাহারের পরে ভারতের বিদেশ নীতি কার্যত কাশ্মীরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল থেকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উদ্দেশ্য, কাশ্মীর প্রশ্নে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলিকে পাশে পাওয়া। আজ ফ্রান্সকে পাশে পেল ভারত। ত্রিদেশীয় সফরের (ফ্রান্স, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহি) আজ ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র সঙ্গে প্রায় ৯০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেন মোদী। পরে যৌথ বিবৃতি দেন মোদী এবং মাকরঁ। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী কাশ্মীর এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমাকে বিস্তারিত ভাবে জানিয়েছেন। আমি বলেছি, ভারত এবং পাকিস্তানকে আলোচনা করে সমাধান সূত্র বার করতে হবে। এখানে তৃতীয় পক্ষের কোনও জায়গা নেই।’’ তাঁর মতে, উপত্যকায় ওই অঞ্চলে উত্তেজনা তৈরিও করাও ঠিক হবে না। তাঁর কথায়, ‘‘কাশ্মীরে শান্তি বজায় রাখা জরুরি। আমরা চাই, শান্তি এবং আলোচনা। আমি কয়েকদিনে মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাঁকে জানাব, কাশ্মীর নিয়ে দু’পক্ষ আলোচনায় বসুক।’’