
আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা অনর্থক বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। একইসঙ্গে ইরানে কেউ হামলা চালালে, ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তাহীনতার সৃষ্টির সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে তেহরান। এরমধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানকে ঠেকাতে সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রদর্শনী করে ইরান। সহজে পরিবহনযোগ্য বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্রটি ৩শো' কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রদর্শনীর উদ্বোধনের পর দেয়া এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, তার দেশ যেকোন হামলা মোকাবিলায় প্রস্তুত। ঐতিহাসিক পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোরে তেহরান আলোচনায় বসতে চায় না বলেও জানান রুহানি।তিনি বলেন, শত্রু যখন নিষেধাজ্ঞা দিয়ে চাপ দিতে থাকে তখন তাদের সাথে আলোচনায় বসা যায় না। তারা যেমন আচরণ করবে আমরাও ঠিক তেমনটাই করবো। তাদের ড্রোন, যুদ্ধজাহাজ, জেট বিমান ধবংস করতেই আমাদের বাভার ৩৭৩ কাজ করবে।
প্রেসিডেন্টের সুরেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারস্য অঞ্চলে কোনো যুদ্ধের সূচনা করতে চায় না ইরান। তবে, কেউ আঘাত করলে সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করা হবে বলে জানান তিনি। এমনকি পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন জারিফ। এদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরানকে আটকানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে ইসরাইল ইরান বিরোধী পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন তিনি। তিনি বলেন, তারা ইসরাইলকে ধ্বংস করতে চায়। সেই উদ্দেশ্যে দেশটি অনেক জায়গায় সামরিক ঘাঁটি করেছে। তবে, আমরাও তাদের পথ বেছে নিয়েছি। বিভিন্ন দেশে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি।