
আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরে নিরাপত্তা জোরদারের অজুহাতে আমেরিকা যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে তাতে যোগ দেবে না পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি বলেছেন, আমেরিকা এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু এই জোটে অংশ নিতে তার দেশ রাজি হয়নি। তিনি আরো বলেন, পোল্যান্ডের সেনাবাহিনী যে ওই সামরিক জোটে অংশ নেবে না তা আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে জার্মানিসহ আরও কয়েকটি দেশ ওই জোটে যোগ দেওয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইরান-বিরোধী মার্কিন নীতির যে চিত্র তা অগ্রহণযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, ইরান-বিরোধী এ জোটে বার্লিন যোগ দেবে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন কৌশলে আমরা যোগ দেব না।
ইরানের কথিত হুমকি মোকাবেলা ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার কথা বলে আমেরিকা বেশ কিছু দিন ধরেই একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেন ছাড়া অন্য মিত্রদের পক্ষ থেকে তেমন কোনো সমর্থন পায় নি। গত ৯ জুলাই আমেরিকা এমন জোট গঠনের প্রস্তাব দেয়। জার্মানির পাশাপাশি জাপান ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশও পরিষ্কার করে বলেছে যে, তারা এমন জোটে যোগ দেবে না। মার্কিন মিত্রদের বেশিরভাগই মনে করছে, এমন জোট হলে তা ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে।