
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় সম্মানের সঙ্গে, নিরাপদে ও স্থায়ী প্রত্যাবর্তন চায় যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অন্য রাষ্ট্র মিলে যা করা দরকার তার সবই করা হবে। মিয়ানমারের ওপর ক্রমাগত চাপ অব্যাহত রাখা হয়েছে। ইতিমধ্যে মিয়ানমারের সেনা প্রধানসহ তাদের নিরাপত্তা বাহিনীর অনেকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল নটারকান্দি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ উদারতার সঙ্গে রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছে সেটা প্রশংসার দাবিদার। রোহিঙ্গাদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে আছে, সবসময় থাকবে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিভিন্ন ভাবে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ সময় রাষ্ট্রদূত বলেন, বন্যার ফলে আপনারা যে কষ্ট ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সেজন্য আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্তদের কথা আমাদের মনে আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পক্ষ থেকে এক লাখ ডলার সহায়তার ঘোষণা করা হয়েছে। এই সহায়তা পারে প্রায় পাঁচ হাজার মানুষ। যা বাস্তবায়িত হবে কেয়ার-বাংলাদেশের মাধ্যমে।
কুড়িগ্রামে চিলমারী উপজেলার অষ্টমীর চরে অবস্থানকালে রাষ্ট্রদূত মিলার বন্যা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কিভাবে বাংলাদেশ সরকারের ত্রাণ প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করতে পারে সে সম্পর্কে জানতে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সঙ্গে সাক্ষাত করেন। পরে রাষ্ট্রদূত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অনুদান, গৃহস্থালি সামগ্রী এবং মহিলা ও কিশোরীদের স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএইড এর বাংলাদেশ মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল প্রমুখ। রাষ্ট্রদূত মিলার সি-প্লেনে কুড়িগ্রাম চিলমারী বন্দরে ব্রহ্মপূত্র নদে অবতরণ করেন সকাল সাড়ে ৯টায়। এরপর তিনি স্পিডবোট যোগে নটারকান্দি চরে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে সি-প্লেনে ঢাকার রওনা হন।