
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর অস্ত্র বিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলি। এ অবস্থায় জম্মু-কাশ্মীরের পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দারাও। অনেকেই গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাক সেনাবাহিনীর দাবি, ভারতের হামলায় গত সপ্তাহে মারা গেছেন অন্তত তিনজন। বলা হয়ে থাকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর যে যতটুকু না সুন্দর, তার চেয়ে কয়েক গুণ সুন্দর পাকিস্তানের আজাদ কাশ্মীর। তবে গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই অঞ্চলেও এখন বিরাজ করছে উত্তেজনা। নয়াদিল্লির সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। নিন্দা জানাচ্ছেন নরেন্দ্র মোদি সরকারের।
সাধারণ মানুষ জানান, এখনও কার্যত অবরুদ্ধ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। জানি না তারা কতটা শঙ্কার মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি দেখে আমারই জম্মু-কাশ্মীর ও শ্রীনগরে গিয়ে প্রতিবাদ করতে ইচ্ছে করে। মোদি কাশ্মীরিদের আটকে রেখেছেন। তার হিম্মত নেই যে কারফিউ প্রত্যাহার করবেন। স্থানীয়দের সবচেয়ে বেশি আতঙ্কে ফেলেছে, সীমান্ত রেখায় গোলাগুলির বিষয়টি। প্রায় প্রতিদিনই কম বেশি গোলাগুলির ঘটনা ঘটছে। এতে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘর-বাড়ি। প্রাণে বাঁচতে অনেককেই এলাকা ছেড়ে পালিয়েছেন।